বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রে আইটেম কন্যা হিসেবে খ্যাতি রয়েছে বিপাশা কবিরের। যেকোন আইটেম গানে হলেই ডাক পড়ে তার। কিন্তু তার মধ্যে মূল নায়িকা হিসেবে অভিনয় করার একটি ক্ষুধা সবসময়ই কাজ করেছে। বারবার বলেছেন তিনি মূল নায়িকা হিসেবে অভিনয় করতে চান। সম্প্রতি বেশ কিছু সিনেমায় তিনি কেন্দ্রিয় নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। আজ ২৩ মে তার জন্মদিন। এই দিনে তার ভক্ত বন্ধু অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তবে সবচেয়ে বড় চমক দিয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
বিপাশা কবিরের জন্মদিন উপলক্ষে জাজ মাল্টিমিডিয়া “তালাশ-THE CRYSIS” ছবিতে নায়িকা হিসেবে তার নাম ঘোষণা করেছে। ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির। ছবিটির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। শিগগিরিই এ সিনেমার শুটিং শুরুর ঘোষণা দেওয়া হবে।
জন্মদিনের এমন উপহার প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘আমার জীবনে জন্মদিনে এত বড় উপহার আর কোনদিনও পাইনি।জাজের কারণেই আজ আমি এখানে আসতে পেরেছি। দর্শকরা আমাকে যতটুকু চেনে, শুধু জাজের কারণেই। কারণ তারাই আমাকে প্রথম অভিনয়ের সুযোগ করে দিয়েছে। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে এসেছিলাম। জাজ আজ তাদের সিনেমায় নায়িকা হিসেবে নেওয়ার ঘোষণা দিয়েছে। এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া।’
তবে বিপাশা কবিরের নায়ক হিসেবে কে থাকছেন তা এখনও ঘোষনা করা হয়নি। এ বিষয়ে জাজের কর্ণদার আব্দুল আজিজ বলেন, ‘এ ছবিতে নায়ক থাকবেন দুই জন। কলকাতা থেকে একজন হিরো নেওয়ার কথা রয়েছে। ছবিটি বাংলাদেশ ভারত যৌথ প্রোযজনায় নির্মিত হবে। এ ছবিতে ফাইট ডিরেক্টর হিসেবে থাকছেন জাইকা।
উল্লেখ্য ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একটি আইটেম গানের অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বিপাশা কবির। বিপাশা বর্তমানে ‘বাজে ছেলে দ্য লোফার’ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি।

