স্পোর্টস ডেস্ক : বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। টেনিস দুনিয়ার সবগুলো রাস্তাই যেন এখন এসে মিসে গেছে প্যারিসের রোলাঁ গাঁরোয়। আগামীকাল (রোববার) থেকেই যে শুরু হচ্ছে ফরাসি ওপেন!
রোলাঁ গাঁরোর লাল কোর্টের রাজা-রানী হবেন কে এবার? জ্বল্পনা বহু আগে থেকে। গত বছর ফরাসি ওপেন জিতে রাজার মুকুট পরেছিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল এবং রুশ গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা।
‘ক্লে কোর্টে’র নায়ক নাদালের সামনে এবার দশম ফরাসি ওপেন জয়ের হাতছানি। ৯’বার রোলাঁ গাঁরো জয়ের রেকর্ড গড়ে ইতিমধ্যে কিংবদন্তীর তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন নাদাল। ২০১৫ সালেরটা জিতলে দশম ট্রফি। দশম অর্থাৎ স্প্যানিশে ‘লা ডেসিমা’।
কিন্তু এবারই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি নাদাল। ফরাসি ওপেনের লাল মাটির কোর্টে আগে তাকে নিয়ে যে রকম উন্মাদনা থাকত, এবারও তার থেকে কম কিছু নেই। কিন্তু সেই উন্মাদনার সঙ্গেই হাজির শঙ্কাও। বহু প্রত্যাশার ‘লা ডেসিমা ’ কি মানাকোরের বাড়িতে নিয়ে যেতে পারবেন নাদাল? নাকি ‘কিং অব ক্লে’র মুকুট এবারই খসে পড়তে চলেছে তার মাথা থেকে?
বিশেষ করে, র্যাংকিংয়ে সাত নম্বরে চলে যাওয়ায় নাদালের সঙ্গে জকোভিচের দেখা হয়ে যাবে শেষ আটেই। যদি নাদাল পৌঁছতে পারেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত! এ বছরে তার যা ফর্ম তাতে এখনই অশনি সংকেত দেখছেন অনেকেই।
গত বছর রাফার প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে ‘লা ডেসিমা’র মুখ দেখেছিল। কিন্তু নাদালের ‘লা ডেসিমা’র আশা দেখতে পাচ্ছেন না বেশিরভাগ বিশেষজ্ঞই। সবার মতেই এবার রোলাঁ গাঁরোর লাল কোর্টের রাজার মুকুট মাথায় তুলতে পারেন জকোভিচই। অপ্রতিদ্বন্দ্বীভাবে এগিয়ে চলছন এই সার্ব তরুন। তার সামনে এখন স্রেফ উড়ে যায় এক সময়ের অজেয় নাদালা কিংবা ফেদেরারও।
একই সঙ্গে এবারই প্রথম প্যারিস জয়ের সবচেয়ে বড় সম্ভাবনা উঁকি দিচ্ছে জকোভিচের সামনে। তিনি এবারের ফরাসি টুর্নামেন্টে ‘প্লেয়ার টু বিট’। ইউরোপের বিভিন্ন বেটিং সংস্থার বিচারেও এগিয়ে গিয়েছেন জকোভিচ। কারণ, তিনি এখন অনেক বেশি অ্যাটাকিং খেলছে। তাকে ছাড়া আর কাউকে ফেভারিট ভাবা যাচ্ছে না।
কিন্তু নাদালকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। একটা টাইট ম্যাচ জিতলেই নাদাল অনেকটা আত্মবিশ্বাস ফিরে পাবে।’
মহিলাদের টেনিসে গতবারের চ্যাম্পিয়ন শারাপোভা এবারও রয়েছেন দুর্দান্ত ফর্মে। মাত্রই রোম মাস্টার্স জিতেছেন। ক্লে কোর্টে নিজেকে পরখ করার কাজটা শেষ করে রেখেছেন। তবে, অলটাইম ফেভারিট সেরেনা উইলিয়ামস অন্য সবার জন্যই হুমকি। দুটি ফরাসি ওপেনের শিরোপা উঠেছে তার হাতে। ২০০২ সালের পর ২০১৩ সালে।
সেরেনা ছাড়াও শারাপোভার সামনে চ্যালেঞ্জ হিসেবে রয়েছেন সিমোনা হালেপ, পেত্রা কেভিতোভা, ক্যারোলিন ওজনিয়াকিরা।
এবার দেখার বিষয়, ১৩ দিন ব্যাপি এ টুর্নামেন্ট শেষে শিরোপা ওঠে কার হাতে। ফরাসি ওপেন কি নতুন কোন রাজা-রানী উপহার দেয় নাকি পুরনোদেরই বেছে নেয়।

