চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা ও ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে ও পুনরায় সংঘর্ষ এড়াতেই আরও অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। ’
সব মিলিয়ে ক্যাম্পাসে ২১২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানান পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন।
এদিকে ক্যাম্পাসে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ক্যাম্পাসের প্রতিটি মোড়ে মোড়ে বিশেষ করে জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী হলের মুখে, আলাওল হল ও এফ রহমান হলে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক থাকলেও ক্যাম্পাসে শিক্ষার্থী ছিল খুবই কম। বিভিন্ন বিভাগে গিয়ে দেখা গেছে, ক্লাসে শিক্ষার্থী না থাকায় অনেক বিভাগে পরীক্ষা অনুষ্টিত হলেও দুপুর ১টা পর্যন্ত ক্লাস হয়নি।
শুক্রবারের সংঘর্ষের কারণেই ভয়ে ক্যাম্পাসে আসেননি বলে একাধিক শিক্ষার্থী জানিয়েছেন।
বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো.আরমান ও দর্শন বিভাগের ইফরাত জানান, শুক্রবারের সংঘর্ষের কারণেই অনেকেই ক্যাম্পাসে আসেনি। পরীক্ষা থাকায় তারা ক্যাম্পাসে আসতে বাধ্য হয়েছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজদৌলা বলেন, ‘ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। কেউ যাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।’
প্রসঙ্গত গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রশিবির ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হয়।

