বরিশাল প্রতিনিধি : ডাক টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘বরিশালসহ দেশের সাতটি বিভাগে আইটি পার্ক নির্মাণ করা হবে। দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করা হবে। এছাড়া বরিশালের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিজিটালাইজ করা হবে। ইতোমধ্যে এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
শনিবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতীয় হাইস্কুল ও প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন, তখনকার বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন ব্যঙ্গ করে বলেছিলেন, সরকার হ্যারিকেনের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। আজ সত্যিই দেশ ডিজিটাল হয়েছে। গ্রাম থেকে গ্রাম আলোকিত হচ্ছে। সাধারণ মানুষ এর সুফল ভোগ করছে।’
তিনি বলেন, ‘আজকের এই হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হলো। আমরা জানি আমাদের ছেলে-মেয়েরা অনেক মেধাবী। তাদের শুধু এই ধরনের সুযোগ তৈরি করে দিতে পারলেই হবে। তাহলে একদিন আমাদের ছেলে-মেয়েরাই গুগল, ফেসবুক তৈরি করতে পারবে।’
বক্তব্য শেষে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করেন। পরে তিনি একটি সেমি ইনকিউবিটার তৈরি করে সরকারের ইনোভেষন ফান্ডের আওতায় আনার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি প্রকল্প দেয়ারও প্রতিশ্রুতি দেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ইঞ্জানিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাহাদ হোসেন ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম, আইসিটি বিভাগের উপ-সচিব ড. বিকর্ন কুমার ঘোষ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড.মো. মুহসিন উদ্দিন, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম, গণিত বিভাগের চেয়ারম্যান মো.শফিউল আলম ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।
পরে সকাল ১১টায় বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত আইসিটি বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।

