বিনোদন ডেস্ক : বিশ্ব তারকাদের পদচারণায় কান এখন জমজমাট। তবে অতিরিক্ত ঠাণ্ডার কারণে অনেক তারকাই খোলামেলা ভাবে নিজেকে তুলে ধরতে কিংবা পার্টিতে উত্তাপ ছড়াতে পারছেন না। তাদের জন্যে শুক্রবার রাতটি ছিলো সোনায় সোহাগা।
শুক্রবার উৎসবস্থলের একটি হোটেলে এইডস রোগীদের সহায়তায় একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এর পরপরই শুরু হয় চোখধাঁধানো পার্টি। এটাই ছিল কানের এবারের সবচেয়ে জাঁকজমকপূর্ণ পার্টি। এখানে এসে মাতোয়ারা হয়েছেন সবাই। এতে অংশ নেন কেনডাল জেনার, মডেল লারা স্টোন ও জোর্দান ডান। এক ঘণ্টাব্যাপী এই পার্টিতে আরও বিশ্বের নামকরা আরো কয়েকজন মডেল পারর্ফম করেন। এসময় আলোকচিত্রীরাও হুমড়ি খেয়ে তাদের ছবি তুলেন।
এদিকে দেখতে দেখতে ৬৮তম কান চলচ্চিত্র উৎসব শেষের দিকে চলে এসেছে। ১২ দিনব্যাপী এ উৎসবের দশম দিন ছিল গতকাল। এদিন প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় দুটি ছবি। এগুলো হলো গুলিম নিকোলাক্স পরিচালিত ‘ভেলি অফ লাভ’ এবং মাইকেল ফ্রেঙ্কো পরিচালিত ‘ক্রনিক’। এ দুটি ছবিতেই অতিথি সমাগম ছিল বেশ ভাল। এ ছাড়া সিনে ফাউন্ডেশন বিভাগে প্রদর্শিত হয় চারটি ছবি। এগুলো হলো ‘রিট্রাইভার’, ‘ভিক্টর এক্স এক্স’, ‘প্যারাডাইস’ ও ‘দ্য হুইল অফ ইমোশনস’। এ ছাড়া মেক বিচ থিয়েটারে গতকাল বিশেষ ছবি হিসেবে প্রদর্শিত হয় ‘হাইবারনেটাস’।

