নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষকের করা আবেদনের প্রেক্ষিতে সপ্তম বিশেষ সিনেট সভা স্থগিত করার আদেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আগামী ২৬ মে পর্যন্ত এ সিনেট সভা স্থগিত রাখার আদেশ প্রদান করেন।
আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয় সিনেটের সপ্তম বিশেষ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হওয়ার পর আগামী শনিবার সিনেটের বিশেষ সভায় উপাচার্য প্যানেলে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ১৬ এপ্রিল চবির সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ এবং সংস্কৃত বিভাগের প্রভাষক লিটন মিত্র এ বিশেষ সিনেট সভার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
বৃহস্পতিবার বিকেলে এই আবেদনের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আগামী ২৬মে মঙ্গলবার পর্যন্ত এ বিশেষ সভার উপর স্থগিতাদেশ জারি করেন।
সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমরা সিনেটের বিরুদ্ধে নই। সিনেটে শুধু মাত্র শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়েছে। কিন্তু রেজিষ্ট্রার গ্র্যাজুয়েট নির্বাচন হয়নি। আমরা চাই শিক্ষক প্রতিনিধি নির্বাচনের মত রেজিষ্ট্রার গ্র্যাজুয়েট নির্বাচন হোক। আর এজন্যই আমরা হাইকোর্টে রিট করি।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী বলেন, ‘আগামী ২৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যায়ের এই বিশেষ সিনেট সভার উপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। পরবর্তী শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

