নিজস্ব প্রতিবেদক : আগামী ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে।
ওইদিন সকাল সোয়া ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রী-ছাত্রীরা কলাভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হবেন এবং সেখান থেকে সকাল সাড়ে ৬টায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে কবির সমাধি প্রাঙ্গণে যাবেন। সেখানে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন উপাচার্য। পরে উপাচার্যের সভাপতিত্বে সেখানে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘নজরুল গবেষণা কেন্দ্রের আয়োজনে ১১৬তম নজরুল জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষক-অধ্যাপকদের সুচিন্তিত গবেষণা-প্রবন্ধের উপস্থাপনার মাধ্যমে দিনব্যাপী দুই পর্বের জাতীয় সেমিনার বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সেমিনারের উদ্বোধনীপর্ব অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামালউদ্দীন ও কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান উপস্থিত থাকবেন।
সেমিনারের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে অপরাহ্নে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস অ্যান্ড ইন্টারকালচারাল ডায়ালগ (সিআইআইডি) এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে ‘অসাম্প্রদায়িকতা কী এবং কেন?” শীর্ষক এক আলোচনাসভা বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান উপস্থিত থাকবেন। বিশিষ্ট আলোচক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম, ইন্টারন্যাশনাল হারমোনি সোসাইটির সেক্রেটারি জেনারেল শ্রীমনোরঞ্জন ঘোষাল, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ প্রণব কুমার বড়ুয়া এবং নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিনকস্তা। স্বাগত বক্তব্য রাখবেন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ এবং সভাপতিত্ব করবেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক কাজী নূরুল ইসলাম।

