তথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইলভিত্তিক আর্থিক সেবা ও প্রযুক্তি সম্পর্কে জনগণকে ধারণা দিতে রাজধানীতে আগামী ২৫ মে শুরু হচ্ছে ‘মোবিলিটি কানেক্ট ফোরাম’ শীর্ষক এক প্রদর্শনী। দুদিনের এই প্রদর্শনীর আয়োজন করছে মাহিন্দ্রা কমভিভা বাংলাদেশে। প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
মোবিলিটি সলিউশনের মাধ্যমে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান, মোবাইল ফোনের গ্রাহক এবং ব্যাংকের সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ও উদ্ভাবনী সেবা সম্পর্কে ধারণা দেয়াই এ আয়োজনের লক্ষ্য।
অনুষ্ঠানে মোবাইল মানি ও পেমেন্ট, কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট, মোবাইল অ্যাডভার্টাইজিং, ডেটা এবং এন্টারপ্রাইজ মোবিলিটি সংক্রান্ত সেবা প্রদর্শন করা হবে। এছাড়া এ সংক্রান্ত বিভিন্ন নতুন নতুন প্রযুক্তির চিত্র তুলে ধরা হবে।
মাহিন্দ্রা কমবিভার কান্ট্রি ম্যানেজার রিয়াদ হাসনাইন এ সম্পর্কে বলেন, ‘মাহিন্দ্রা বাংলাদেশে গত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে। আমাদের মোবাইল ফিনান্সিয়াল, ইলেক্ট্রনিক রিচার্জ এবং ম্যাসেজিং সল্যুশন সেবা টেলিযোগাযোগ ও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত হচ্ছে। এ সম্পর্কে গ্রাহকদের সামগ্রিক আভিজ্ঞতা আরো উন্নত করতে প্রথমবারের মতো মোবিলিটি কানেক্ট ফোরামের আয়োজন করা হচ্ছে।’
দেশের শীর্ষ পাঁচটি মোবাইল অপারেটরের ইলেক্ট্রনিক রিচার্জের প্রযুক্তি ও কারিগরি সেবা দিচ্ছে মাহিন্দ্র।

