বিনোদন ডেস্ক : সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’। সবকিছু ঠিক থাকলে এ মাসের ২৯ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। তার আগে জি-সিরিজের ব্যানারে ছবির সবগুলো গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। অ্যালবামটিতে বোনাস ট্র্যাক সহ গান থাকবে মোট ১০টি।
রোমান্টিক, আইটেম গান, সুফী ও পাহাড়ী ঘরানার গানগুলো লিখেছেন কবির বকুল, অতনু তিয়াস, আসিফ ইকবাল ও শাহান কবন্ধ। গানগুলোর শিরোনাম হলো- ‘দিলেতে চোট লেগেছে’, ‘তার ছিঁড়েছে ব্রেণে’, ‘তোর দয়াতে খোদা..’, ‘ফুল ফুটেছে ঐ বনে হুল ফুটেছে এই মনে’, ‘চাঁদের আলো’, ‘এত প্রশ্নের ছড়াছড়ি’, ‘আলতো করে’, ‘এত প্রশ্নের ছড়াছড়ি(স্যাড ভার্সন)’, ‘ধ্বংসের যজ্ঞে জেগে ওঠো অগ্নি তুফান’ ও ‘আলতো করে(স্যাড ভার্সন)’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- জয়িতা, তৌফিক আহমেদ, শোয়েব, খেয়া, অদিত, কনা ও ন্যান্সি। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির, অদিত, ও রোকন ইমন। মিউজিক কম্পোজিশন ও পরিচালোনা করেছেন ফুয়াদ । এছাড়া আইটেম গানের একটি বিশেষ চরিত্রে প্রথমবারের মত পারর্ফম করেছেন কণ্ঠ শিল্পী কনা ।
ছবিটির পরিচালক আলভী আহমেদ জানান, ‘কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে ছবির গানগুলো নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করা হবে। মূলত দর্শক ও শ্রোতাদের কথা মাথায় রেখেই এমনটি করা হচ্ছে।’
‘ইউটার্ন’ চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। ছবিটির প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া। ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শিপন ও সোনিয়া। আরও অভিনয় করেছেন আইরিন, ইরফান সাজ্জাদ, মৌটুসী, আরশাদ আদনান, প্রসূন আজাদ, শহিদুজ্জামান সেলিম ও মিশা সাওদাগর প্রমুখ।

