স্পোর্টস ডেস্ক : দীর্ঘ চার মাসের সূক্ষ্ম কারিগরি অবশেষে প্রকাশ্যে এল। মাদাম তুসোয় উন্মোচিত হল লিওনেল মেসির মোমের মূর্তি। নিউ নিয়র্কের বিখ্যাত এই যাদুঘরে এলএম টেন শোভা পাচ্ছেন আর্জেন্টিনার জার্সি গায়ে। গত বছর ব্রাজিল বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে ফাইনালে খেলেছিল ম্যারাডোনার দেশ। সেই ম্যাচকে মাথায় রেখেই মেসির মূর্তি তৈরি করা হয়েছে মাদাম তুসোয়।
মোমের ছাঁচে মেসিকে নিখুঁত আকার দিতে গত চার মাস ধরে বার্সা তারকার ছবি ও ভিডিও ফুটেজ দেখে, ২৫০ বার মাপ নিয়ে মূর্তি তৈরির কাজ করেছেন শিল্পী। যাদুঘরের ক্রীড়া বিভাগে মোমের মেসির দর্শন করতে পারবেন দর্শকরা। টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলির মূর্তির পাশে এবার জায়গা করে নিলেন বর্তমানে বিশ্বের সেরা ফুটবলারও।
তবে এই চার মাসের মধ্যে, প্রায় ছ’সপ্তাহ লেগেছে শুধু মেসির মূর্তির চুল তৈরিতেই। কিন্তু তারপরও তার মূর্তির যে চুলের স্টাইল দেখা যাচ্ছে তার সঙ্গে এখন মেসির চুলের স্টাইলের মিল নেই। মধ্যে বার দুয়েক চুলের স্টাইল পাল্টে ফেলেছেন যে লিও!

