স্পোর্টস ডেস্ক : ২০০৪ সালে সর্বশেষ রিয়াল-বার্সার বাইরে লা লিগা শিরোপা জিতেছিল রাফা বেনিতেজের দল ভ্যালেন্সিয়া। এরপর ২০১৪ সালে এসে এই দুই দলের বাইরে শিরোপা জেতে অ্যাটলেটিকো মাদ্রিদ। দলটির কোচ দিয়েগো সিমিওনে মনে করেন, রিয়াল-বার্সার প্রভাব থেকে লা লিগাকে বের করে আনা সম্ভব। তবে তার জন্য শর্ত আছে।
কী সেই শর্ত? সিমিওনের সোজা উত্তর, ‘মেসি-রোনালদো যতদিন খেলছে, ততদিন সম্ভব নয়। কারণ, এই দু’জন অন্যমাত্রার ফুটবলার। এরা যতদিন রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার হয়ে খেলবেন, ততদিন অন্য কারও শ্রেষ্ঠত্ব অর্জণ সম্ভব নয়।’
দিয়েগো সিমিওনেকে জিজ্ঞাসা করা হলো, আপনি নিজেকে এবং আপনার ক্লাবকে কোথায় দেখতে চান? তখন তিনি উত্তর দিলেন, ‘যখন চিন্তা করবেন যে আপনি কোথায় আছেন, তখন অনেক কিছুই সামনে চলে আসবে। কারণ, অ্যাটলেটিকো অনেক বড় মাপের দল। এই দলের হয়ে খেলা খুব সহজ না।’
সিমিওনে আরও বলেন, ‘তবে, এখানে অন্য কথা আছে। শুধুমাত্র প্রতিভা থাকলেই অনেক কিছু হয়ে যায় না। শীর্ষে যেতে হলে এই প্রতিভা যথেষ্ট নয়। কারণ, সামনে যে বাধা আছে সেটার উচ্চতা অনেক বেশি। মেসি এবং রোনালদোর মত ফুটবলার শত বছরেও জন্মায় না। যদি তারা না থাকতো তাহলে, লা লিগায়ও আমরাও অনেক দুর এগিয়ে থাকতে পারতাম।’
তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদের কৌশল কী হবে? সিমিওনে বলেন, ‘জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের একটাই কাজ। পরিশ্রম করো এবং লড়াই করো।’

