স্পোর্টস ডেস্ক : ট্রেবল জয়ের হাতছানি দিয়ে ঢাকছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের সামনে। ইতালিয়ান সিরি-এ’র হ্যাটট্রিক শিরোপা আগেই নিশ্চিত হয়ে গেছে। এবার ল্যাজিওকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান কাপ ‘কোপা ইতালিয়া’র শিরোপাও জিতে নিল জুভরা। বিয়ানচোনেরিরা এ নিয়ে ১০ম কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলল।
বাকি রইল শুধু চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ৬ জুন বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে জিয়ানলুইজি বাফন আর আন্দ্রে পিরলোদের জুভেন্তাস। ওই ম্যাচে কোনভাবে বার্সাকে হারাতে পারলেই স্বপ্নের ট্রেবল ঘরে তুলে নেবে ইতালিয়ান জায়ান্টরা।
রোমের স্টাডিও অলিম্পিকোয় সিরি-এ রানারআপ হতে যাওয়া ল্যাজিওর মুখোমুখি হয়েছিল জুভরা। যার গোলে রিয়ালকে হারিয়ে জুভদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিত হয়, সেই আলভারো মোরাতাকেছাড়াই দল গঠন করতে হয় ম্যাসিমিলিয়ানো আলেগ্রিকে। পরিবর্তে দলে নেনে ফার্নান্দো লরেন্তেকে।
তবে চরম নাটকীয়তায়ভর্তি ম্যাচটি শেষ পর্যন্ত গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাত করেন পরিবর্তিত স্ট্রাইকার আলেসান্দ্রো মাতরি।
অথচ তার আগেই পরস্পর পরস্পরের জালে একবার করে বল জড়িয়েছিলো জুভেন্তাস এবং ল্যাজিও। খেলার শুরুতেই জমে ওঠে নাটক। দু’দলেরেই অধিনায়কের অসাধারণ কীর্তিতে একে অপরের জালে দ্রুত একবার করে বল জড়ানো হয়ে যায়।
৪ মিনিটেই ল্যাজিও অধিনায়ক স্টেফান রাডুর গোলে এগিয়ে যায় ল্যাজিও। দানিলো ক্যাতালদিসের ফ্রি কিক থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেড করেন রাডু। গোলরক্ষক মার্কো স্টোরারিকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে যায় জুভেন্তাসের জালে।
সমতায় ফিরতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি জুভদের। খেলার ১১ মিনিটেই ইতালিয়ান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া জিওর্জিও কিয়েল্লিনি। আন্দ্রে পিরলোর ফ্রি কিক ডি বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নেন প্যাট্রিক এভ্রা। পাস দেন কিয়েল্লিনিকে। ৬ গজ দুর থেকে দুর্দান্ত এক শটে ল্যাজিও গোলরক্ষক ব্যারিশাকে পরাস্ত করেন তিনি।
২৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো জুভেন্তাস। এভ্রার পাস থেকে ভেসে আসা বলে হেড করেন লরেন্তে। কিন্তু বল চলে যায় বারের ওপর দিয়ে। দুই মিনিট পরই কাউন্টার অ্যাটাকে জুভদের বিপদে ফেলে দিয়েছিলেন ফেলিপে এন্ডারসন। কিন্তু স্টোরারির ক্ষিপ্রতায় বেঁচে যায় জুভরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লরেন্তের দুর্দান্ত একটি শট পাঞ্চ করে ল্যাজিওকে বাঁচিয়ে দেন গোলরক্ষক ব্যারিশা। ৫৫ মিনিটে পল পগবাকে দারুন সুযোগ তৈরী করে দেন তেভেজ। কিন্তু গোলের মুখ খুঁজে পাননি পগবা। ৮৪ মিনিটে এগিয়ে যেতে পারতো ল্যাজিও। কিন্তু পরিবর্তিত খেলোয়াড় ফিলিপ জোরাজেভিক দারুন সুযোগ পেয়েও, গোলরক্ষককে একেবারে একা পেয়েও জুভদের জালে বল জড়াতে পারেননি।
১-১ গোলে যখন ম্যাচ ড্র’ তখন খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ৯৭তম মিনিটে আরেক পরিবর্তত খেলোয়াড় আলেসান্দ্রো মাতরি ১০ গজ দুর থেকে জোরালো এক শট নেন। সোজা সেটি গিয়ে জড়িয়ে যায় ল্যাজিওর জালে।

