নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক সরকারের সুদ ভর্তুকির আওতায় নামমাত্র সুদে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ক্রয়ে ঋণ প্রদানের একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমি আরো আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শিক্ষাখাত ও সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলোতে আরো বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানান ড. আতিউর রহমান।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড আয়োজিত গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঋণের সুদ কমিয়ে আনতে ব্যাংকগুলোকে উদ্যোগ নেয়ার তাগিদ দিয়ে গভর্নর বলেন, ‘প্রতিটি ব্যাংকই নিজেদের আয়-ব্যয়ের সঙ্গতি রেখে নিজেরাই ব্যাংক ঋণের সুদ কমিয়ে নিতে পারে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের দিকে তাকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই।’
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সরওয়ার প্রমুখ।
অনুষ্ঠানে ঢাবির শিক্ষকদের গবেষণার জন্য অনুদান এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি দেয়া হয়।

