বিনোদন ডেস্ক : পাঁচ বছর পর সেলুলয়েডে ফিরতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সঞ্জয় গুপ্তর ‘জজবা’ ছবিতে কোন রূপে দেখা দেবেন বিশ্বসুন্দরী, এ নিয়ে জল্পনা কল্পনা চলছিল শুটিংয়ের প্রথমদিন থেকে। তবে কড়া নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সকলের মুখে আঁটা কুলুপের জন্য তেমন কিছুই জানতে পারেনি ভক্তরা। কান ফিল্ম ফেস্টিভালে একটি অনুষ্ঠানে ‘জজবা’ ছবিতে তার লুক প্রকাশ্যে এসেছে।
ঐশ্বরিয়ার অনুরাগীরা দীর্ঘদিন ধরেই এই ছবিটির অপেক্ষায় রয়েছেন। ‘জজবা’ ছবির প্রথম লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই বলিউডে শুরু হয়ে গিয়েছে নতুন গুঞ্জন। দীর্ঘদিন ক্যামেরার সামনে থেকে সরে থাকার পর অভিনয়ের ধারে আবার কি দাগ কাটতে পারবেন ঐশ্বরিয়া? ফিরে পাবেন দর্শকের মনে আগের সেই সিংহাসন?
২০১০-এর ১৯ নভেম্বর মুক্তি পায় সঞ্জয়লীলা বনশালীর ছবি ‘গুজারিশ’। এরপর আর সেলুলয়েডে দেখা যায়নি রাইনন্দিনিকে। হৃতিক রোশনের বিপরীতে সোফিয়া ডি’সুজার চরিত্রে তার অনবদ্য অভিনয় প্রচুর প্রশংসা কুড়িয়েছিল।
এরপর পরিচালক এবং প্রযোজকদের শুধু প্রতীক্ষাতেই রেখেছিলেন তিনি। অবশেষে কামব্যাক ফিল্ম হিসেবে বেছে নেন, সঞ্জয় গুপ্তর ছবি ‘জজবা’। স্বাভাবিক ভাবেই এই ছবিটিকে ঘিরে বলিউডের বিপুল প্রত্যাশা।
২০১৫-র জানুয়ারিতে ‘জজবা’-র শ্যুটিং শুরু করেন সঞ্জয় গুপ্ত। ছবিটি মুক্তি পাবে এবছরেরই ৯ অক্টোবর। ‘জজবা’ ছবিটি দক্ষিণ কোরিয়ার ছবি ‘সেভেন ডেজ’-এর রিমেক।
ছবিতেঐশ্বরিয়ার নাম অনুরাধা ভার্মা। তার সঙ্গে এই অ্যাকশন-ড্রামা ছবিটিতে অভিনয় করছেন ইরফান খান, শবানা আজমি, অনুপম খের, জ্যাকি শ্রফ, চন্দন রায় সান্যাল, অতুল কুলকার্নি, সানি দেওল এবং অতিথি চরিত্রে জন আব্রাহাম।

