ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবাহনী-মোহামেডান জমজমাট লড়াই আজ

Link Copied!

msc-akcস্পোর্টস ডেস্ক : আগের সেই উত্তাপ নেই। দর্শকদের আগ্রহও তেমন একটা লক্ষ্য করা যায় না আর। আবাহনী-মোহামেডান ম্যাচ ঘিরে যে সাজ সাজ রব পড়ে যেতো- সেটাও এখন আর নেই। তবুও ঝাঁঝ কিছুটা হলেও এখনও টিকে আছে। শত হলেও, ঐতিহ্যবাহী দুটি ক্লাবের মুখোমুখি লড়াই। নামের বাহারেই যেখানে ‍যুদ্ধ নিহিত। সেখানে ঝাঁঝ তো কিছুটা থাকবেই।
অনেকে আবার নাম দিয়েছেন ঢাকা ডার্বি। তেমনই এক ঢাকা ডার্বির জমজমাট লড়াইয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বিকাল পৌনে পাঁচটায় শুরু হওয়া খেলাটি চ্যানেল নাইন সরাসরি সম্প্রচার করবে।
এক সময় ছিল বিশ্বকাপে যেমন ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা ওড়ে ঘরে ঘরে, তেমনি আবাহনী-মোহামেডানের পতাকা ওড়াতেন ভক্তরা। মৌসুমজুড়ে ফুটবলপ্রেমীরা অপেক্ষায় থাকতেন, কবে আবাহনী-মোহামেডানের জমজমাট লড়াই দেখবেন। সারা দেশ থেকে দল বেধে সমর্থকরা ঢাকা ছুটতেন শ্বাসরূদ্ধকর লড়াইটি দেখার জন্য। ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) দুই দলের রক্তক্ষয়ী সংঘর্ষও লেগে যেতো।
এখন আর সেই দিন নেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি উন্মুক্ত করে দিলেও দর্শকরা ওমুখি হতে চান না। ঘরোয়া ফুটবলের জৌলুস তো সেই কবে হারিয়ে গেছে। কোন তারকা নেই, মাঠে খেলা নেই, খেলার কোন মান নেই- এই নেই-এর ভিড়ে মানুষও আর ঘরোয়া ফুটবলের কোন খোঁজ রাখে না।
তবুও মাঠে গড়ায় ফুটবল। ঢাকা স্টেডিয়ামের সবুজ ক্যানভাস প্রায় প্রতিটি বিকালই জমে ওঠে বল নিয়ে ২২জন ফুটবলশিল্পীর অংকন প্রতিযোগিতায়। মান যেমনই হোক।
পয়েন্ট টেবিলে দুই দলের কেউই শীর্ষে নেই। মোহামেডান আছে তৃতীয় ও আবাহনী আছে চতুর্থ স্থানে। ৯ ম্যাচে ৫ জয়, ২ ড্র ও ২ হারে ১৭ পয়েন্ট সাদাকালো শিবিরের। আবাহনীর সংগ্রহও ৯ ম্যাচে ৫ জয়, ২ ড্র ও ২ হারে ১৭ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে মোহামেডান।
গত লীগে আবাহনী প্রথম সাক্ষাতে মোহামেডানকে হারিয়েছিল ১-০ গোলে আবাহনী। দ্বিতীয় সাক্ষাতে আবাহনীকে একই ব্যবধানে হারিয়ে বদলা নেয় মোহামেডান। তৃতীয় সাক্ষাতে ১-০ গোলে জিতেছিল আবাহনী।
জমজমাট এ লড়াই নিয়ে মোহামেডানের কোচ কাজী জসিম উদ্দিন জোসির মন্তব্য, ‘আবাহনী অবশ্যই ভাল দল। তবে আমরাও পিছিয়ে নেই। সুযোগ কাজে লাগিয়ে যারা প্রথম গোল করতে পারবে, তাদের সফল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। দলে কোন ইনজুরি নেই। সবাই আবাহনীকে মোকাবেলা করতে মানসিকভাবে প্রস্তুত।’
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘এটা মর্যাদার লড়াই। মোহামেডানের বিরুদ্ধে জিততে চাই আমরা।’