নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ-দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিশ্বের এক নম্বর ষড়যন্ত্রকারী ও মিথ্যাবাদী খালেদা। এর জন্য তাকে পুরস্কার হিসেবে গ্রেপ্তার করা উচিৎ। তিনি এখনও ষড়যন্ত্র করছে। আমাদের সজাগ থাকতে হবে।’
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মায়া বলেন, ‘সালাহ উদ্দিনকে গুম করে খালেদা আর শেখ হাসিনাকে খুঁজে বের করতে বলেন। খালেদা জিয়া ধরা খাইছে।’
তিনি আরো বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। কারণ, আমি ঢাকা মুক্ত করেছি। আমি বঙ্গবন্ধুর সৈনিক। শেখ হাসিনার জন্য জীবন দিতে পারি। শেখ হাসিনাকে ২১ আগস্ট বাসায় পৌঁছে দিয়েছিলাম।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে এই নেতা বলেন, ‘ঢাকা যার ক্ষমতা তার। খালেদা জিয়া ৯২ দিন সারা দেশে তাণ্ডব করেছে। এমন কোনো কাজ নেই খালেদা করে নেই। তবুও ঢাকায় ঢুকতে পারেননি। এ জন্য আমি কর্মীদের অভিনন্দন জানাই।’
ত্রাণমন্ত্রী বলেন, ‘ঢাকার দুই মেয়র নির্বাচিত হয়েছে। এতেই প্রমাণ হয় ঢাকার মাটি শেখ হাসিনার ঘাঁটি। নিন্দুকেরা অনেকে অনেক কথা বলে। এখনও বলছে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ।
এতে আরো উপস্থিত ছিলেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক প্রমুখ।

