নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আর তার স্ত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছিলেন।’
রোববার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘১৯৮১ সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগ সভাপতি মনোনীত করা যে সঠিক সিদ্ধান্ত ছিলো তা আজ প্রমাণিত। আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা ফিরে না আসলে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা সম্ভব হতো না। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। কিন্তু সে দিন বেশি দূরে নয়, যেদিন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো।’
তোফায়েল বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৯ সালে অঙ্গীকার করছেন ২০২১ সালে আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।’
এ সময় দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমন্ডলী সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মহানগর ও দলের অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

