নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার মধ্য দিয়ে সরকার নিপীড়নমূলক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
রিপন বলেন, ‘বাংলাদেশ সরকারের যে দৃষ্টিভঙ্গি তার ওপর ভিত্তি করেই মূলত সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।’
সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ভিসা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে যেটুক তথ্য আছে এতে আজ বিকেলে তিনি (হাসিনা আহমেদ) মেঘালয়ের উদ্দেশে রওয়ানা দেবেন। তবে এখন পর্যন্ত তিনি যদি ভিসা পেয়ে না থাকেন, তাহলে আমরা আশা করব সরকার মানবিক দিক বিবেচনা তরে তার চিকিৎসার ভার নেবেন।’
যৌথ সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, আন্তুর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

