ঢাকাWednesday , 13 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইলিয়াস-আলমদের দায়দায়িত্ব এবার খালেদার

Link Copied!

Suranjitনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ নিখোঁজ নেতারা কোথায়? শিলংয়ে না দার্জিলিংয়ে, নেপালে না ভুটানে, কোথায় আপনি আত্মগোপন করিয়েছেন? এই দায়দায়িত্ব আপনার ওপরই বর্তায়।’
বুধবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ‘এটি গুম, অন্তর্ধান কিংবা নিখোঁজ নয়, আত্মগোপন। আত্মগোপন আর গুম এক জিনিস না। এ আত্মগোপন দলের নির্দেশে হতে পারে, দলীয় নেতার নির্দেশেও হতে পারে, আবার রাজনৈতিক কারণেও হতে পারে। তবে এটি স্পষ্ট হয়ে গেছে আত্মগোপন দলীয় প্রধানের নির্দেশে করা হয়েছে। সেই সময়ের রাজনীতিকে আরো একটু সঙ্কটে পরিণত করার জন্যই। তাকে (সালাহ উদ্দিন) আত্মগোপন করে সরকারকে গুমের অপরাধে অপরাধী করবেন এটা অত্যন্ত শঠতাপূর্ণ রাজনীতি। এটি আক্রোশ ও বিদ্বেষমূলক।’
তিনি বলেন, ‘আমাদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বললেন- সালাহ উদ্দিন র‌্যাবের কাছে আছে। এমনভাবে বললেন যে, তিনি দেখেছেন। এ ধরনের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে আমরা পরিচিত নই। এটা অপরাজনীতি। এই অপরাজনীতির সঙ্গে বেগম খালেদা জিয়া আপনি এবং আপনার দল জড়িত।’
তিনি আরো বলেন, ‘সালাহ উদ্দিন আহমদ কোথায় ছিলেন। দুই মাস পর তার মনে নাই। কিন্তু তার স্ত্রীর টেলিফোন নম্বর মনে আছে। আমাকে যে পাওয়া গেছে- এই কথাটি গণমাধ্যমকে জানাতে হবে এটা মনে আছে। সেখানকার গণমাধ্যমে রাজনৈতিক কথা বলেছেন- সেটাও মনে আছে। কিন্তু কোথায় ছিলেন সেটা মনে নেই! আমি মনে করি থলের বিড়াল বেড়িয়ে এসেছে।’
সুরঞ্জিত বলেন, ‘বিরোধী দল গণতন্ত্রে অনিবার্য। বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয় না। তারা কেউ গুম হয়ে যান, অন্তর্ধান হয়ে যান এটা কারো কাছে কাম্য নয়। রাজনীতি মানবিক। সালাহ উদ্দিন আহমদের অন্তর্ধান আমাদেরকে মর্মাহত করেছিল। দু’মাস পরে যে খবরটি এসেছে, এতে বোঝা যায় থলের বিড়াল বেড়িয়ে এসেছে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক নারায়ণ দেবনাথের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী ও মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু।