নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃষ্টিস্নাত সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আলমগীর হাসান সোহান বলেন, ‘যদি অবিলম্বে বেগম খালেদা জিয়া ও নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জশিট বাতিল এবং মামলা প্রত্যাহার করা না হয় তবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সেই সঙ্গে শেখ হাসিনার অবৈধ ক্ষমতার মসনদ ভেঙে তাকে পদত্যাগে বাধ্য করা হবে।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন মির্জা ইয়াসিন আলী, উজ্জল হোসেন, রজিবুল ইসলাম প্রমুখ।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা ইয়াসিন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রজিবুল হাসান, আবু ফয়সাল জিহাদ, হাফিজুর রহমান, মো. ইমরান হোসেন, পার্থদেব মণ্ডল, আনিসুর রহমান শামীম, আলমগীর কবির, আমিনুর রহমান, নাজমুল ইসলাম, মুতাসিম বিল্লাহ, সজীব, শিমূল, রঞ্জু, সাদ্দাম, ইমন প্রমুখ।

