নিজস্ব প্রতিবেদক : সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার জন্য ২০ দলীয় জোটের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিআইপি মিলনায়তনে ড. এমএ ওয়াজেদ মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
আলোচনা সভার আয়োজন করে ড. এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৩ মাসের হরতাল-অবরোধ আর নাশকতার কারণে জানমালের যে ক্ষতি হয়েছে, তাতে দেশের মানুষের মধ্যে এখনো ক্ষোভের আগুন জ্বলছে। এখনও সময় আছে, আপনারা ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে সুস্থ্য ধারার রাজনীতিতে ফিরে আসুন।’
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক ড. কানাই লাল চক্রবর্তী।
এ সময় ড. ওয়াজেদ মিয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত অতিথিরা।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও সংবিধান প্রণেতা ব্যারিষ্টার আমির উল ইসলাম বলেন, ‘ড. ওয়াজেদ মিয়ার আদর্শ সবার অনুসরণ করার মতো। তিনি ক্ষমতার শীর্ষে থেকেও কখনো ক্ষমতার অপব্যবহার করেননি বা ক্ষমতার মাধ্যমে অতিরিক্ত কিছু আশা করেননি।’
অনুষ্ঠানে বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক বলেন, ‘ড. ওয়াজেদের আদর্শ বর্তমান প্রজন্মসহ দেশবাসীর মধ্যে জাগ্রত রাখতে হবে। কেবলমাত্র একটি সেমিনার বা আলোচনা সভা করেই এটা সম্ভব না।’
ড. এমএ ওয়াজেদের উপর একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানান তিনি।
সংগঠনের সভাপতি এ.কে.এম ফরহাদুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট হোসনেয়ারা বেগম বাবলী, চারণ কবি আবু বকর সিদ্দিক, মুহম্মদ খলিলুর রহমান মন্ডল প্রমুখ।

