নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজ্যসভা ও লোকসভায় দীর্ঘ প্রতীক্ষিত সীমান্ত বিল পাস হয়ে যাওয়ায় ও ব্রিটেনের নির্বাচনে ইতিহাস গড়ে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও ড. রূপা আশা হকের এমপি নির্বাচিত হওয়ার আনন্দে মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সমাবেশে মিলিত হয়।
ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, শারমীন সুলতানা লিলি, দপ্তর সম্পাদক শেখ রাসেল, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, উপ-আইন বিষয়ক সম্পাদক বিপ্লব হাসান পলাশ, সহ-সম্পাদক আসাদুজ্জামান নাদিম, ঢাবি শাখা সভাপতি মেহেদী হাসান মোল্লা প্রমুখ।
সভাপতির বক্তব্যে বদিউজ্জামান সোহাগ ব্রিটেনে নির্বাচনী জয়ী বাংলাদেশি বংশোদ্ভূতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তাদের বিজয়ে বাঙালির বিজয় হয়েছে। এ বিজয় বাংলাদেশের ১৬ কোটি মানুষের বিজয়।’
বুয়েট ছাত্রলীগ নেতা বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, ‘বুয়েট শিক্ষক জাহাঙ্গীর আলম জামায়াত-শিবিরের দোসর। তার বিচার না করা পর্যন্ত ছাত্রলীগ আন্দোলন চালিয়ে যাবে।’
শারমীন সুলতানা লিলি বলেন, ‘বাংলাদেশে মৌলবাদীরা কেমন ভিত্তি গড়তে পারলে ছাত্রলীগ নেতাদের বহিষ্কৃত হতে হয়? আমি মনে করি ওখানকার শিক্ষক জাহাঙ্গীর আলমের বিচারই শুধু নয়, সেখানকার প্রশাসন ও ভিসিরও বিচার করতে হবে।’

