নিজস্ব প্রতিবেদক : সরকারের ব্যর্থতায় দেশে মানবপাচার বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে যুবদল আয়োজিত প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিপন অভিযোগ করেন, দেশে আজ অধিকাংশ যুবক বেকার। কারণ সরকার তাদের জন্য পর্যাপ্ত কর্মক্ষেত্র সৃষ্টিতে ব্যর্থ হচ্ছে। ফলে যুবকরা চেষ্টা করে দেশের বাইরে কর্মসংস্থান বা চাকরি খোঁজে দালালের মাধ্যমে প্রতারিত হয়ে পাচার হচ্ছে।
সরকাররকে উদ্দেশ্য করে তিনি বলেন, গুম, খুন, হিংসার রাজনীতি থেকে বের হয়ে আসুন। হিংসা-বিদ্বেষ পরিহার করে সমঝোতা ও সংলাপে বসুন। কারণ সংলাপের মাধ্যমেই দেশের রাজনৈতিক সঙ্কট থেকে বের হয়ে আসা সম্ভব।
তিনি বলেন, বর্তমান রাজনীতি ও গণতন্ত্র কঠিন সময় পার করছে। গণতন্ত্র আজ খাদের কিনারায়। এ থেকে বের হয়ে আসতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পিন্টুর স্মতিচারণ করে রিপন বলেন, ত্যাগের জন্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু রাজনীতিতে চির স্মরণীয় হয়ে থাকবেন। বিএনপির উদীয়মান নেতাদের জন্য তিনি মাইলফলক হয়ে থাকবেন।

