নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ১০ মে, রোববার আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন।
শনিবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞিপ্তিতে এই বাণীর কথা জানানো হয়।
বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আবহমান কাল ধরে জন্মদাত্রী মাকে ঘিরেই আবর্তিত হয় পরিবারের সকল কার্যক্রম। সন্তানদের শিষ্ট ও সর্বক্ষেত্রে যোগ্য হয়ে গড়ে উঠার ক্ষেত্রে একমাত্র মায়ের অক্লান্ত অবদানের কথা আমরা সবাই জানি। সুমাতার মমতায় লালিত সন্তানই সমাজ ও রাষ্ট্রে সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। কারণ রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং অগ্রসর সমাজ বিনির্মাণ সম্ভব হয় স্ব-শিক্ষিত মায়েদের ভূমিকায়।’
তিনি বিএনপি আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমরা ক্ষমতায় থাকার সময় নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়েছিলাম। আমাদের সময়ে স্কুল থেকে ছাত্রীরা যাতে লেখাপড়া থেকে ঝরে না পড়ে তার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষায় আলোকিত দায়িত্বশীল মায়েদের সুসন্তানরাই দীর্ঘদিনের অচলায়তন ভেঙ্গে সামাজিক অগ্রগতি তরান্বিত করবে এবং জাতীয় উন্নয়নকে করবে বেগবান।’

