নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘ভারত-বাংলাদেশের সীমান্ত চুক্তি রাষ্ট্রসভা ও লোকসভায় সর্বসম্মত হয়ে পাস হওয়ায় প্রমাণিত হলো ভারত আমাদের প্রকৃত বন্ধু।’
শুক্রবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন সুরঞ্জিত। চলমান রাজনীতি নিয়ে এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। সুরঞ্জিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এই সীমান্ত চুক্তির মাধ্যমে শান্তির সঙ্গে সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হলো। এই অর্জন শুধু বাংলাদেশ ও ভারতবাসীর নয়। এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে। বন্ধু চিরকালই বন্ধু থাকে। এটা এই সীমান্ত চুক্তি দিয়ে প্রমাণিত হলো।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে ধন্যবাদও জানান সুরঞ্জিত। তিস্তা চুক্তিসহ অমীমাংসিত সব চুক্তির সমাধান হবে বলেও আশা করেন তিনি।
তিনি বলেন, ‘এই চুক্তির মাধ্যমে বঙ্গবন্ধু কত বড় নেতা ছিলেন এটা প্রমাণিত হয়েছে। কারণ এই সমস্যা ৬৭ বছরের সমস্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক দুরদর্শিতা, প্রজ্ঞা ও পরম ধৈর্য্যের মধ্য দিয়ে এই অর্জন করেছেন।’
সংঘাতপূর্ণ রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আয়োজক সংগঠনের উপদেষ্টা ডা. খন্দকার এমদাদুল হকের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।

