বগুড়া প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের কারণেই স্থলসীমান্ত বিল ভারতের মন্ত্রীসভা ও রাজ্যসভায় পাস হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘ভারতের মন্ত্রীসভা ও রাজ্যসভায় স্থলসীমান্ত চুক্তির খসড়া পাস হওয়ায় ৬৮ বছরের সীমান্ত সমস্যা সমাধান আরও এক ধাপ এগোলো। যা শেখ হাসিনার সরকারের কারণেই হয়েছে।’
বৃহস্পতিবার দুপরে বগুড়ার শহীদ খোকন পার্কে জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।
সিটি নির্বাচন বিএনপির বর্জনের ব্যাপারে তিনি বলেন, ‘বিএনপি জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে সিটি নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগ উন্নয়নের মাধ্যমে মানুষের মন জয় করতে পেরেছে বলেই তিনিটি সিটি নির্বাচনে বিজয়ী হয়েছে।’
আগামীতে যেকোনো নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে নাসিম আরও বলেন, ‘২০১৯ সালে শেখ হাসিনার অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করলে দল নিশ্চিহ্ণ হয়ে যাবে।’
এর আগে দুপুর ১২ টায় বগুড়া জেলা ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান। জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েলের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ স্বপন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ।
বিকেল ৩টায় সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়। দুই ঘণ্টা বিরতীর পর বিকেল ৫টায় সম্মেলনের ২য় অধিবেশন শুরু হয়।

