রাজশাহী প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের হওয়া মানহানির মামলায় তাকে গ্রেপ্তার করতে তাগিদ দিয়েছে আদালত। এ মামলায় আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন রাজশাহীর আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালত-২ এর বিচারক মো. খালেদ হাসান ওই মামলায় তাকে গ্রেপ্তার করতে আবারও এ আদেশ দেন।
মামলার বাদী রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় গত বছরের ২৪ ডিসেম্বর রাজশাহী মহানগর হাকিম আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
মিজানুর রহমান রানা বলেন, ‘গত বছরের ১৫ ডিসেম্বর রাতে লন্ডনে বিজয় দিবসের এক আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার এবং লালসালু বলে আখ্যায়িত করেন। এছাড়া মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ও তার পরিবারের ভূমিকা নেই বলে মন্তব্য করেন।’
তিনি আরও বলেন, ‘আসামির এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহ ও মানহানিকর। তাই তার বিরুদ্ধে বাদি হয়ে মানহানির মামলা দায়ের করি।’
বাদী পক্ষের আইনজীবী আসলাম সরকার জানান, এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মঙ্গলবার আদালত তারেক রহমানকে গ্রেপ্তার করতে আবারও তাগিদ দেয়।
আগামী ২৫ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান তিনি।

