নিজস্ব প্রতিবেদক : নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর তৃতীয় ও সর্বশেষ জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে হাজারীবাগ লেদার টেকনলজি কলেজ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় পিন্টুর ছোট ভাই নাসির উদ্দিন আহমেদ রিন্টু বলেন, ‘আমি আবারো বলতে চাই আমার ভাইকে সরকার পরিকল্পিত ও ষড়যন্ত্র করে হত্যা করেছে।’
তিনি বলেন, ‘আমি রোববার রাজশাহী কারাগারে আমার ভাইয়ের লাশ আনার জন্য গিয়েছিলাম। সেখানে জেলার আমাকে একটি কাগজ ধরিয়ে দেন। ওই কাগজে সুস্পষ্টভাবে লেখা রয়েছে রোববার দুপুর ১২টা ২ মিনিটে আমার ভাই অসুস্থ হন। এরপর ১২টা ১০ মিনিটে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর আমার ভাইকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হার্ট অ্যাটাকের রোগী মাত্র ৮ মিনিটে মারা যেতে পারেন না। তাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি।’
এ সময় তিনি পিন্টুর বিদেহী আত্মার মাগফেরতার কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন। জানাজায় প্রায় সাড়ে ৪ থেকে ৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন। তার লাশ আজিমপুর পুরাতন কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

