নিজস্ব প্রতিবেদক
মানহানিকর বক্তব্য দেয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার দুপুর দেড়টায় তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ল’ রিপোর্টার্স ফোরামে সংবাদ সম্মেলনে ডাকযোগে পাঠানো এ লিগ্যাল নোটিশ সম্পর্কে অবগত করেন।
গত ৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার একটি সরকারি অনুষ্ঠানে হানিফ বলেছিলেন, ‘তারেক রহমান মাফিয়া ডন দাউদ হায়দারের সঙ্গে বৈঠক করেছে। সেই বৈঠকে তারেক আলোচনা করেছে বাংলাদেশে একটি আল কায়েদা সংগঠন খোলা হবে।
তারেক রহমানের উকিল কায়সার কামাল বলেন, ‘আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের এমন বক্তব্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেছেন, হানিফের বক্তব্য ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
আগামী দুসপ্তাহের মধ্য হানিফকে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কাছে ক্ষমা চাইতে হবে এবং বক্তব্য প্রত্যাহার করতে হবে। নইলে তার বিরুদ্ধে তারেক রহমান মামলা দায়ের করবেন।’

