ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ সিটি থেকে শিক্ষা নিয়েই এবার জয়ী হয়েছি

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : বিগত ৫ সিটি করপোরশেন নির্বাচনের পরাজয় থেকে আমরা শিক্ষা নিয়েছিলাম। ওই শিক্ষা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে পরিশ্রম করে এ নির্বাচনে জয়ী হয়েছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মূখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ‘বিগত ৫ সিটি করপোরশেন নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি। আওয়ামী এবং ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিলাম। দিনরাত আমরা কঠোর পরিশ্রম করেছি। ঐকবদ্ধভাবে নিজেদের জয়ের লক্ষ্যে কাজ করেছি। জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বার বার ভুল করেন। কিন্তু তিনি ভুল থেকে শিক্ষা নেন না। আমরা ৫ সিটিতে ভুল করেছিলাম। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ৩ সিটি করপোরশেন নির্বাচনে জয় লাভ করেছি।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নির্বাচন থেকে সরে গিয়েছিল। তারা প্রমাণ করতে চেয়েছিল শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ভোট হয়েছে। মানুষ ভোট দিয়েছে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।’
তিন সিটি করেপারেশন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে দাবি করে ১৪ দলের মুখপাত্র সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে নাসিম বলেন, ‘তিন মাস ধরে বিএনপি অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছিল। সেখান থেকে এই নির্বাচন আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই নির্বাচনী প্রচারণা চালিয়েছে। খালেদা জিয়া মাঠে নামার আগ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ ছিল। তিনি মাঠে নেমেই উত্তেজনা সৃষ্টি করতে চেয়েছেন।’
তিনি বলেন, ‘অন্য সব নির্বাচনের মতোই দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ নির্বাচনে কোনো বড় ধরনের অঘটন ঘটেনি। এমন কি প্রাণহানীর ঘটনাও ঘটেনি। আমি এ জন্য নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ জানাই।’
৩ সিটি নির্বাচন নিয়ে কূটনৈতিক মহলের মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। এটা তাদের নিয়মতান্ত্রিক কাজ।’
‘সরকারের কমোরে কতোটা জোর আছে তা দেখা হবে’ বিএনপির এক নেতার এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সরকারের কমোরে কতো জোর আছে তা সবাই জানে। ওদের (বিএনপির) কমোরে কতো জোর আছে সেটাই আমরা দেখতে চাই।’
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক ড. শাহাদত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাস খান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, বদিউজ্জামান ভূইয়া ডাবলু, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।