যশোর প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি বয়কট না করলে বিকাল পর্যন্ত ফলাফল অন্যদিকে যেতে পারতো। কিন্তু তারা তা করেনি। ফলে সাধারণ ভোটাররা সরকার পক্ষের প্রার্থীকে ভোট দিয়েছে। এখানে কারচুপির কোনো প্রশ্ন থাকতে পারে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপির রাজনীতি করার ক্ষমতা বা ধর্য্য হারিয়ে ফেলেছেন। তারা এখন নালিশের রাজনীতি শুরু করেছেন। ক্ষমতায় আসতে তারা বিদেশিদের কাছে সরকারবিরোধী নালিশ করছেন।’
শনিবার সকালে যশোর শহরের বাবলা তলা ভৈরব নদের উপরে নবনির্মিত সেতু উদ্বোধনের সেতুমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন- যশোর জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় মন্ত্রী আরও বলেন, বর্ষাকালে যশোরের মানুষের দুর্ভোগ কমাতে এই ব্রিজ, নড়াইল ও বেনাপোল বাইপাস সড়কের উদ্বোধন করা হচ্ছে।’
উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে যশোর শহরের বাবলাতলা নামক স্থানে ভৈরব নদের উপরে ৩১ মিটার দৈর্ঘ্য সেতুর র্নিমাণ কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার পর রোববার সকাল ১০টায় মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনের মাধ্যমে জনসাধারনের জন্য খুলে দেয়া হবে।

