চাঁদপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পেশাদার খুনি বলে আখ্যায়িত করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর হরিণা ফেরিঘাটে ডিজিটাল রোড ভেহিকেল ওয়েব্রিজ স্কেল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া পেশাদার খুনি। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর ১৭ পোশাক শ্রমিককে গুলি করে হত্যা ও ১৮ জন কৃষককে খুন করেছে তারা। পেট্রোলবোমা দিয়ে অনেক মানুষ হত্যা করেছে। ২০ দলীয় জোটের বিষাক্ত ছোবল বাংলাদেশের অর্থনীতি ও মানুষের ওপর বার বার আঘাত হানছে। বর্তমান সরকার ১৯৭১ ও ৭৫ সালের খুনিদের বিচারের আওতায় আনায় বিএনপি-জামায়াত আমাদের পেছনে লেগেছে।
তিনি বলেন বলেন, ‘যানবাহনের অতিরিক্ত ভাড়া ফেরি মেরামতের কাজে ব্যয় করা হবে। ইজারা প্রথা আগামী ১ জুলাই থেকে সারা দেশেই বন্ধ করে দেয়া হবে। বিআইডব্লিউটিএর অধীনে গাড়ি প্রতি ৪০ টাকা করে আদায় করা হবে। চার কোটি টাকা ব্যয়ে এ ওয়েব্রিজ স্টেলটি নির্মাণ করা হয়েছে। এতে করে অতিরিক্ত মালামাল পরিবহন করতে মালিকরা অনাগ্রহ দেখাবে। ফলে রাস্তাঘাট ভালো থাকবে। প্রতি বছরে সংস্কারে কোটি কোটি টাকা ব্যয় হবে না।’
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর প্রমুখ।
উল্লেখ্য, চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসে ডিজিটাল ওয়ে ব্রিজ (ওজনমাপক যন্ত্র) ব্যবহার না করায় গড়ে প্রতিদিন প্রায় দুই লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হতো সরকার। কয়েক মাস আগে চার কোটি টাকা ব্যয়ে ডিজিটাল ওয়ে ব্রিজ নির্মাণ কাজ শেষ হলেও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের অবহেলায় ওজনমাপক যন্ত্র দুটি ব্যবহার করা হচ্ছিল না। এতে বছরে কমপক্ষে ছয় কোটি টাকা রাজস্ব হারায় সরকার।
অবশেষে বৃহস্পতিবার নৌমন্ত্রী যন্ত্র দুটির উদ্ধোধন করায় সরকারের রাজস্ব আয়ের পথ উম্মোচিত হলো।

