বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে বাঘের আক্রমণে আহত হয়েছেন আবুল হাসেম মোল্লা (৫৫) নামের এক মৌয়াল।
গুরুতর আহত অবস্থায় তাকে বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমুনি স্টেশনের শেলা এলাকায় মঙ্গলবার বিকালে তার উপর বাঘ আক্রমণ করে।
ভাগ্যক্রমে বেচেঁ যাওয়া ওই মৌয়াল বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর সাউথখালী গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে। মৌয়াল দলটির নেতা আব্দুল কুদ্দুস মোল্লা ও পূর্ব সুন্দরবন বিভাগ এখবর নিশ্চত করেছে।
মৌয়াল দলনেতা আব্দুল কুদ্দুস মোল্লা জানান, তারা ৮জন মৌয়াল মিলে নৌকা যোগে পূর্ব সুন্দরবনের বগী স্টেশন থেকে দুই মাসের অনুমতি নিয়ে গত ১০ এপ্রিল সুন্দরবনে মধু আহরণ করতে যান। মঙ্গলবার বিকালে সুন্দরবনের শেলা এলাকায় মধু আহরণকালে হঠাৎ বাঘের আক্রমণের শিকার হয় মৌয়াল আবুল হাসেম মোল্লা। এসময় আবুল হাসেম প্রায় ১০ মিনিট ধরে একাই প্রাণ বাচাঁতে বাঘের সঙ্গে লড়াই করতে থাকেন।
এক পর্যায়ে তার ডাক চিৎকারে সঙ্গের অন্য মৌয়ালরা ছুটে এসে বাঘটিকে তাড়া করলে গহিণ অরণ্যে পালিয়ে যায় বাঘটি। পরে গুরুতর আহতাবস্থায় ওই মৌয়ালকে উদ্ধার করে কোস্টগাডের্র কোকিলমুনি স্টেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিৎকসা শেষে বুধবার দুপুরে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

