নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন বাতিল করে মেয়র পদে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।
মঙ্গলবার রাত ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীনের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ দাবি জানান তিনি।
ফ্যাক্স পাঠানোর বিষয়টি নিশ্চত করেন তার আইনজীবী এহসানুর রহমান।
ওই বার্তায় উল্লেখ করা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি। নির্বাচন হয়েছে প্রহসনমূলক। তাই ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি।
এর আগে মঙ্গলবার দুপুরে তিনি ভোটগ্রহণের অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ এনে উত্তর রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি প্রদান করেছিলেন।
এরপর দুপুরের দিকে তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। একই সময় নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হয় ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষেও। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেন বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম।

