নিজস্ব প্রতিবেক : ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। এখন রাজধানীর মহানগর নাট্যমঞ্চ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ফলাফল ঘোষণা করা হবে।
এবার সিটি মেয়র নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। কিছু কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়ম, কেন্দ্র দখল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া ও ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করে বিএনপি সমর্থিত প্রার্থীরা। ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। আবার শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে সন্তোষও প্রকাশ করেছেন অনেকেই।
সরেজমিনে ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৭টার পর থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হন। উৎসবের আমেজও দেখা গেছে কেন্দ্রগুলোতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু কেন্দ্রে হট্টগোলের খবর পাওয়া যায়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েকটি জায়গায় ধাওয়া-পাল্টাধাওয়ার খবরও পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি সামাল দিতে গলদঘর্ম হতে দেখা যায়।
সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণের ভোটার হিসেবে ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়া শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ইলিশ মাছ, ঘুড়ি ও পানপাতা প্রতীকে ভোট দিয়েছেন।
এদিকে সিটি করপোরেশন নির্বাচনে কঠোর নিরাপত্তাব্যবস্থা ছিল ভোটকেন্দ্রগুলোতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরাও ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন ছিল। নির্বাচনে তিন সিটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৮ হাজার ৭৩০ সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যে ঢাকা উত্তরে ৩০ হাজার ৭৬৪, দক্ষিণে ২৬ হাজার ৪৯৬ ও চট্টগ্রামে ২১ হাজার ৪৭০ সদস্য দায়িত্ব পালন করে।
২০১১ সালের ৩০ নভেম্বর ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে ঢাকা সিটি করপোরেশন ভাগ হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার তিন সিটি করপোরেশনে মোট ৬০ লাখ ৩৩ হাজার ১২৫ জন ভোটার। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬টি ওয়ার্ডে ভোটার ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৭ হাজার ৫৭১ জন ও নারী ভোটার ১১ লাখ ২১ হাজার ৭৪২ জন। ঢাকা দক্ষিণের ৫৭টি ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ৭০ জন ও নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ২৯৩ জন। চট্টগ্রামে ভোটারের সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার।

