চট্টগ্রাম প্রতিনিধি : সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল করে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমসহ তিন মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করলেও সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট হওয়ার দাবি করেছেন চট্টগ্রামের রিটার্নিং অফিসার আব্দুল বাতেন। পরিবেশ অনুকূলে থাকায় রিজার্ভ থাকলেও মাঠে সেনাবাহিনীকে নামানো হয়নি বলে জানান তিনি।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল বাতেন এ দাবি করেন।
বাতেন বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণভাবে উৎসবমূখর পরিবেশের মাধ্যমে ভোটাররা ভোট দিচ্ছেন। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হয়তো দু’য়েক এক জায়াগায় একটু ঝামেলা হয়েছে। নির্বাচনে এ ধরণের একটু আধটু হয়।’
বিএনপি সমর্থিত মেয়র মনজুর আলমের নির্বাচন বর্জনের সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে বাতেন বলেন, ‘নির্বাচনের মধ্যভাগে এসে প্রার্থীতা প্রত্যাহরের আইনগত কোন সুযোগ নেই। ব্যালট পেপারে যেসব প্রার্থীর মার্কা রয়েছে তাদের প্রাপ্ত ভোটকে আমরা গণনা করে ফলাফল ঘোষণা করবো।’
বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বলেও জানান তিনি।
১২ প্রার্থীর মধ্যে বিএনপিসহ ১০ প্রাথীই নির্বাচনে সেনা বাহিনী মোতায়নের দাবি জানালেও কেন সেনা মোতায়ন হয়নি এ প্রশ্নের জবাবে রিটার্নিং অফিসার বলেন, ‘নির্বাচনের বর্তমান পরিবেশ সেনা মোতায়নকে কোন ভাবেই সমর্থন করেনা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। নির্বাচনী পরিবেশ অত্যন্ত স্বাভাবিক রয়েছে। সেজন্য সেনাবাহিনীকে নামানো হয়নি।’

