নিজস্ব প্রতিবেদক : তিন সিটি নির্বাচনে বিএনপি জনগণ কর্তৃক প্রত্যাখিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বর্জনের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রিয় প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
তিন সিটিতেই বিএনপি’র নির্বাচন বর্জন ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
হাছান মাহমুদ বলেন, ‘জনগণ বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ বিষয়টি বুঝতে পেরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা গত কয়েকদিন ধরে নাগরিক কমিটির বিরুদ্ধে বিভিন্ন ভুয়া অভিযোগ করেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টার অংশ হিসেবে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।’
তিনি বলেন, ‘তিনটি সিটি কপোরেশনে বিএনপি’র ভোট বর্জন দুরভিসন্ধি মূলক। ভোট বর্জনের ঘোষণা দিয়ে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন্দ্র থেকে সরিয়ে নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করবে। সেজন্য ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দলের সকল নেতাকর্মীকে কেন্দ্রে অবস্থান করতে হবে।’
বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপির নেতাকর্মীরাই আ জ ম নাছিরের ছবি সম্বলিত আইডি কার্ড ব্যবহার করে বিভিন্ন ভোট কেন্দ্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন।’
রাজনীতি থেকে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলমের অবসর প্রসঙ্গে ড. হাছান মাহমুদ যুক্তি দিয়ে বলেন, ‘নির্বাচন নিয়ে যদি মনজুর সাহেবের অভিযোগ থাকত তবে তিনি শুধু নির্বাচন বর্জন করতেন। কিন্তু তিনি রাজনীতি ও বিএনপিকে কেন বর্জন করেছেন? এ থেকে স্পষ্ট বুঝা যায় অভিযোগের আঙ্গুল বিএনপির দিকেই। কারণ বিএনপি নেতাকর্মীরা মনজুর আলমের পক্ষে নির্বাচনী মাঠে ছিলেন না। অনেক কেন্দ্রে কর্মীর অভাবে এজেন্টও দিতে পারেননি মনজুর সাহেব।’
সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির চেয়ারম্যান ইসহাক মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

