নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল সরকারের পক্ষে নিতে পুলিশ-র্যাব-নির্বাচন কমিশন (ইসি) নীল নকশার আয়োজন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। একইসঙ্গে তিনি এ-ও বলেছেন, ভোটের মাধ্যমে জনগণ এই নীল নকশা নস্যাৎ করে দেবে।
রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে এসব কথা বলেন মওদুদ।
সংবাদ সম্মেলনে নির্বাচনের পর্যবেক্ষক কার্ড বিতরণ নিয়েও নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তোলেন মওদুদ। তিনি বলেন, ‘ভূইফোঁড় একটা পর্যবেক্ষক সংস্থাকে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১ হাজার পর্যবেক্ষক কার্ড প্রদান করা হয়েছে। মোট ৩২টি সংস্থার মাধ্যমে ঢাকায় প্রায় ৩ হাজার পর্যবেক্ষক কার্ড প্রদান করেছেন নির্বাচন কমিশন। যার মধ্যে মওসুস নামে একটি সংগঠনকে দুই সিটি থেকে ৫শ করে ১ হাজার পর্যবেক্ষক কার্ড দেয়া হয়েছে, যেখানে ডেমোক্রেসি ওয়াচসহ অন্যান্য পরিচিত সংগঠনগুলো পেয়েছে হাতে গোনা কয়েকটি পর্যবেক্ষক কার্ড।’
মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থাকে (মওসুস) নিয়ে এ অভিযোগটি বিএনপি লিখিতভাবেও জানিয়েছে নির্বাচন কমিশনকে।

