ঢাকাMonday , 27 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোট উৎসবের অপেক্ষা…

Link Copied!

Electionচট্টগ্রাম প্রতিনিধি : বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। চলছে ক্ষণ গণনা। টানা ২০ দিনের উৎসবমুখর প্রচার প্রচারণা শেষে সবার অপেক্ষা এখন ভোট গ্রহণের দিনের জন্য। এছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বাত্নক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ও প্রশাসন। জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
দেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট বন্দরনগরীর গুরুত্বপূর্ণ এই নির্বাচনের রায় কার পক্ষে যাচ্ছে তা নিয়ে প্রধান দুই দলের শীর্ষ পর্যায়সহ নেতাকর্মীদের মাঝে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। নির্বাচনের জয় পেতে দুই দলই উদগ্রিব। ইতোমধ্যে দুই প্রধান দলের মেয়র প্রার্থীরা ভোটারদের মন জয়ের অংশ হিসেবে দিয়েছেন নানা প্রতিশ্রুতি।
প্রধান দুই প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন কমিটির মেয়র প্রার্থী মনজুর আলম সংশয় প্রকাশ করে বলেছেন-‘সরকারি দলের সন্ত্রাসীরা তার প্রচারণায় যাওয়া সমর্থকদের উপর হামলা করে আসছে। এরই অংশ হিসেবে তারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে।’
এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচনে ভোট কারচুপির পাঁয়তারা করছেন এমন অভিযোগ করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
প্রতিক্রিয়ায় আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘উনারা (নোমান) তো অনেক কথা বলেন। উনারা আন্দোলনের নামে ককটেল পেট্রোলবোমা মেরে মানুষ মারেন, বাস পুড়িয়ে দেশের সম্পদ ধ্বংস করেন আবার দায় এড়িয়ে মিথ্যাচার করেন। কারচুপির অভিযোগও মিথ্যাচারের একটা অংশ।’
এছাড়া বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনারও অভিযোগ আনেন আ জ ম নাছির উদ্দিন। এছাড়া মনজুর আলম আগে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর থাকায় দলের কিছু ভোটও তিনি পেতে পারেন বলে সংশয় প্রকাশ করেন নাছির।
অন্যদিকে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়ে যাওয়ায় এখন নগর জুড়ে চলছে শুধু জল্পনা-কল্পনা। কে হচ্ছেন মেয়র? কে বসবেন নগর পিতার মর্যাদাপূর্ণ আসনে তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। মেয়র এবং কাউন্সিলর প্রার্থী ছাড়াও তাদের নেতাকর্মী এবং নগরীর ৬০ লাখ মানুষের মাঝেও এ নিয়ে উত্তেজনার কমতি নেই।
এদিকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সোমবার সকাল সাড়ে ৮টায় দামপাড়া পুলিশ লাইনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল। আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য ভোটের দিন দায়িত্বে থাকছেন তারা চট্টগ্রামে আসতে শুরু করেছেন।
এবারের নির্বাচনে ৪১টি ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ১৮ লক্ষ ৪৮ হাজার ৫৮৩ জন। ৪১ ওয়ার্ডে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭১৯টি। মোট বুথের সংখ্যা ৪৯০৬। ৭১৯টি কেন্দ্রের জন্য ৭১৯ জন প্রিজাইডিং অফিসার এবং ৪৯০৬ জন করে পোলিং অফিসার ও সহকারি অফিসার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের জন্য দক্ষ, নিরপেক্ষ ও যোগ্য ১৫ হাজার ৪৩৭ জন ভোট গ্রহণ কর্মকর্তার সাথে আরো ১০ শতাংশ অতিরিক্তসহ মোট ১৬ হাজার ৯৩৭ জনের প্যানেল প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে মোট ৭১৯টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৫৯৫টি। এসব কেন্দ্রে পুলিশ ও আনসার মিলিয়ে ২৪ জন অতিরিক্ত ফোর্স দেয়া হচ্ছে। তবে সাধারণ কেন্দ্রে ২২ জন সদস্য দায়িত্ব পালন করবেন। প্রত্যেক কেন্দ্রে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার স্ট্যান্ডবাই থাকবে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ ও আনসার মিলিয়ে ২০ হাজার ৭১১ জন সদস্য মোতায়েন করা হচ্ছে। এর বাইরে আছে ৩০ প্লাটুন বিজিবি, ৫শ র‌্যাব ও কোস্টগার্ড। পুলিশের সঙ্গে কোস্টগার্ডেরও একাধিক টিম নৌপথে টহল দেবে। পুরো নগরী জুড়ে থাকবে পুলিশের ৫০টি বিশেষ চেকপোস্ট। নির্বাচনের দিন প্রতি ওয়ার্ডের দায়িত্বে থাকবেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অথবা সহকারি কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা।
এদিকে ২৭ এপ্রিল বিকেল থেকে এম এ আজিজ স্টেডিয়াম এলাকার সব দোকানপাট, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়সহ সব অফিস-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়া ২৭ এপ্রিল রাত ১২টা থেকে সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া ২৫ এপ্রিল রাত ১২টা থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নগরীতে মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মহাসড়কে যানবাহন চলাচলে কোন ধরনের নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন বাতেন।
২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়ামের তিনতলায় স্থাপিত অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হবে।
রিটার্নিং অফিসার মো.আবদুল বাতেন বলেন, ‘অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এ লক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী সামগ্রী সকাল থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে বিতরণ শুরু করব। এরপর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে প্রত্যেকে যার যার গন্তব্যে রওনা দেবে।’