নিজস্ব প্রতিবেদক : নির্বাচন ভালো হয়েছে এই মর্মে মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা মওসুস যদি এ ধরনের সনদ দেয় তা বিএনপির পক্ষ থেকে আগাম প্রত্যাখ্যান করছি।
দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
মওসুসকে ভূইফোঁড় সংগঠন আখ্যা দিয়ে রিপন বলেন, ‘নির্বাচন ভালো হয়েছে এ সনদের জন্যই অনভিজ্ঞ এই প্রতিষ্ঠানকে ঢাকার দুই সিটিতে একহাজার পর্যবেক্ষক কার্ড দেয়া হয়েছে।’
অবাধ নিরপেক্ষ নির্বাচনের আশা করে তিনি বলেন, ‘নির্বাচন চলাকালে সন্ত্রাস কিংবা নৈরাজ্য হবে না, এটাই বিএনপি আশা করে। উত্তেজনার বিপরীতে উত্তেজনাতে বিএনপি বিশ্বাস করে না।’
বিএনপির প্রার্থীরা ভোটারদের টাকা দিচ্ছে এরকম অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ উল্লেখ করে দলের এ মুখপাত্র বলেন, ‘এখনো বিএনপির প্রার্থীদেরকে হয়রানি করা হচ্ছে।’
তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী হলে পরেরদিন সরকারের পতন হবে না। তাই সরকারকে ঈমানদারীর পরীক্ষা দেয়ার জন্য আহ্বান জানান তিনি।
সেই সঙ্গে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েন না করায় সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে না বলেও মন্তব্য করেন তিনি।

