ফেনী প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের এখতিয়ারে। সেখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।’
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের ফেনীর লেমুয়া সেতু উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের ফলাফল গণনা পর্যন্ত অভিযোগেরে পর অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাসে পরিণত হয়েছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি করছে তারা। এখানে জনগণ যাকে চাইবে তিনি নির্বাচিত হবেন।’
তিনি বলেন, ‘বিগত নয়টি সিটি করপোরেশন নির্বাচনে ভোট গণনা পর্যন্ত বিএনপি কারচুপির অভিযোগ করেছিল। তারাই নয়টির মধ্যে সাতটিতে জয়লাভ করেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। এ কারণে ইসি নিষেধাজ্ঞা জারি করেছে। নির্বাচনকে প্রভাবিত বা হস্তক্ষেপ করার কোনো পরিকল্পনা সরকারের নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে সেনাবাহিনী মোতায়েন হতে পারে। সরকার সেটি দিতে প্রস্তুত। সেনা মোতায়েনের বিষয়টি একাবারেই নির্বাচন কমিশনের বিষয়।’
মন্ত্রী বলেন, ‘আগামী দুই ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতকারীদের কোনো ভোগান্তি হবে না। আগামী জুনের মধ্যেই মহাসড়কের কাজ শেষ হবে। ইতোমধ্যে মহাসড়কের ১৯২ কিলোমিটার কাজের মধ্যে ১২৮ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। বাকী কাজ ও দ্রুত গতিতে চলছে। ১৪টি বাইপাসের মধ্যে নয়টি এবং ২৩টি ব্রিজের মধ্যে ২০টির কাজ শেষ হয়েছে।’
এ সময় চার লেন প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহম্মদ শিবিব, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল হকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

