নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘১০টা হোন্ডা ও ২০টা গুন্ডার নির্বাচনের দিন এখন শেষ। এখন মিডিয়ার যুগ। ফাঁকি দেয়ার কোনো সুযোগ নেই।’
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ‘সিটি করপোরেশন নির্বাচন- প্রার্থীদের প্রতিশ্রুতি, নগরবাসীর প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে আমরা নগরবাসী নামে একটি সংগঠন।
কামরুল ইসলাম আরো বলেন, ‘নির্বাচন কমিশন খালেদা জিয়ার বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ আমলে নিয়ে প্রাথমিকভাবে প্রমাণ করতে পেরেছে তারা একটি সুষ্ঠু নির্বাচন করতে চায়।’
বিএনপি চেয়ারপারসের গণসংযোগের বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া আদালতে যাবার কথা বললে নিরাপত্তার অভাববোধ করেন আর এখন বিকেল থেকে রাত ১০টা পযর্ন্ত রাস্তায় থাকেন। গাড়িবহর নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেন।’
কামরুল বলেন, ‘সন্ত্রাসের রাজনীতি, ধ্বংসের রাজনীতি থেকে ফিরে আসার পথ খুঁজছিল বিএনপি। নির্বাচনের মাধ্যমে তারা সে পথ খুঁজে পেয়েছে। সুবোধ বালকের মতো এ সুযোগ গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানাই।’
নির্বাচনে ভরাডুবি হবে জেনে বিএনপি-জামায়াত জোট নতুন করে ষড়যন্ত্র করছে অভিযোগ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘নির্বাচনের ফলাফল তাদের বিপক্ষে গেলে তারা আবার ভয়াল মূর্তিতে ফিরে আসবে। এ আলামত আমরা লক্ষ্য করছি তাদের কথা-বার্তা ও কাজকর্মে। বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, যেকোন মুহূর্তে নির্বাচন থেকে তারা সরে আসতে পারে।’
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের উপদেষ্টা কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

