নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও হামলাকারীরা উভয়ই বাড়াবাড়ি করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোসা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তিনিও (খালেদা জিয়া) বাড়াবাড়ি করেছেন। আবার যারা এ ঘটনা ঘটিয়েছে তারাও বাড়াবাড়ি করেছে। আমি কাউকেই সমর্থন করছি না। দুপক্ষকেই সংযত হতে হবে।’
সুরঞ্জিত সেন আরো বলেন, ‘নির্বাচন উৎসবে রূপ নিয়েছে। তিন সিটিতেই মানুষ নেমে গেছে। যে যার গুণগান গাইছে। খালেদা জিয়া বিরাট গাড়িবহর নিয়ে নেমেছিলেন। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্বাচনী পরিবেশকে রুষ্ট করেছিল। এখন আর সেটা নেই।’
নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী দলের দাবি মেনে নিয়ে নির্বাচন কমিশন সেনাবাহিনী নামাতে রাজি হয়েছেন। নির্বাচন কমিশনেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রচলিত আইনে সেনাবাহিনী রিটার্নিং কর্মকর্তা অধীনে থাকবে। সেনা বাহিনী কোথায় থাকবে? কী করবে? সেটা উনিই নির্ধারণ করবেন। ঢাকার উত্তর দক্ষিণের মধ্যবর্তী স্থান ক্যান্টনমেন্ট। সেখান থেকে প্রয়োজনে সেনাবাহিনী খুব সহজেই যে কোনো জায়গায় যেতে পারবে। সে কারণেই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে থাকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এটা নিয়েই হৈই চৈই শুরু হয়েছে।’
নির্বাচন কমিশন নিয়ে বিরোধীদলের এই অভিযোগকে অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত মন্তব্য করে তিনি বলেন, ‘আমি মনে করি এটা নিয়ে প্রশ্ন তোলা ঘোলাপানিতে মাছ শিকার করা ছাড়া কিছুই নয়। এই অজুহাত তুলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।’
আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদি দলের নেতা হারুন চৌধুরীসহ সংগঠনের নেতাকর্মীরা।

