নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে সতর্ক করে খালেদা জিয়াকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবারই বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এ সংক্রান্ত চিঠি আসার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানিয়েছেন, গাড়িবহর নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন বিএনপি চেয়ারপারসন। এ ব্যাপারে সতর্ক করে শনিবার তাকে চিঠি দেয়া হবে। একই দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও (ডিএমপি) চিঠি দেবে ইসি।
উল্লেখ্য, এর আগে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে গাড়িবহর নিয়ে প্রচারণা ও আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার রাতে নির্বাচন কমিশন থেকে এ চিঠিটি রিটার্নিং অফিসার, পুলিশ ও নির্বাহী ম্যাজিট্রেটকে নির্দেশ দিয়ে পাঠানো হয়েছে।
নির্বাচনী প্রচারণার সময় কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারণা করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং অফিসার, পুলিশ ও ম্যাজিট্রেট সেই প্রার্থী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণার জন্য রাস্তা বন্ধ করে জনগণের অসুবিধা সৃষ্টি করতে পারেন না- চিঠিতে এ কথা উল্লেখ আছে বলে জানা যায়। বিধি অনুযায়ী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে জেল-জরিমানার বিধান রয়েছে বলে ইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে।
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে গাড়িবহর নিয়ে গত রোববার থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারপসন বেগম খালেদা জিয়া । তিনি প্রচারণা নামায় লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে, তার প্রচারণা চালানোয় ২০ দলীয় জোটের পুরো সমর্থন পাচ্ছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ সমর্থক ‘সহস্র নাগরিক কমিটি’ খালেদা জিয়ার ইসিতে এমন অভিযোগ জানায়। এর পরিপ্রেক্ষিতেই খালেদা জিয়াকে প্রচারণা থেকে বিরত রাখার কৌশল হিসেবেই এ চিঠি দেয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

