নিজস্ব প্রতিবেদক : বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌননিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের বিচার ও শাস্তি চেয়েছে হেফাজতে ইসলাম।
শুক্রবার গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে সংগঠনের পক্ষে এ উদ্বেগ জানিয়েছেন হেফাজতের মহাসচিব হাফেজ জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আল্লাহর এই জমিনে বসবাসকারী মুসলমানদের ধর্মবিশ্বাস, মূল্যবোধ এবং নীতি-নৈতিকতাকে ক্রমাগত আঘাত করে মুছে ফেলার লক্ষ্য থেকেই বাঙালি সংস্কৃতির নামে গত ছেষট্টি-সাতষট্টি বছর ধরে জোরদার প্রচেষ্টা চালানো হচ্ছে। শুরু থেকেই যা বলপ্রয়োগের রাজনীতি এবং রাষ্ট্রীয় জবরদস্তির প্রতাপে বলীয়ান।’
বিবৃতিতে জুনাইদ বাবুনগরী ও আজিজুল হক আরো বলছেন, ‘মুসলমানরা ইমান, আকিদা, শালীনতা, পর্দা ও মুরব্বিদের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকল ধরনের আনন্দ ও উৎসব করাকে ইসলাম সবসময় উৎসাহিত করে। আমাদের পূর্বপুরুষরা হাজার বছর ধরে অভাব-অনটন-দারিদ্র্যকে পায়ে দলে, খেয়ে-না খেয়ে, শাহাদতের মর্যাদা লাভ করার জন্য প্রাণ উৎসর্গ করে ইসলামের পথে মুসলিম জীবনাদর্শের যে কৃষ্টি ও ধারা এই জমিনে সৃষ্টি করেছেন তাকে আঁকড়ে ধরলেই কল্যাণ ও নাজাত পাওয়া সম্ভব। আজ অনেকের অর্থ-সামর্থ্য, জ্ঞান-গরিমা, প্রভাব-প্রতিপত্তি হয়েছে বলে আমাদের পূর্বপুরুষদের ত্যাগ ও কোরবানির স্মৃতি ভুলে যাবেন না।’

