গাজীপুর প্রতিনিধি : আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় টঙ্গীর আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাড়ির মালিক ও বিস্ফোরকসহ সন্দেহভাজন আরও একজনকে আটক করেছে ঢাকার ডিবি পুলিশ ও আশুলিয়া থানাপুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটক বাড়ির মালিককে ছেড়ে দেয়া হয়।
শুক্রবার ভোরের দিকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে টঙ্গীর আউচপাড়া এলাকায় জনৈক আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালায় ঢাকা ডিবি ও আশুলিয়া থানা পুলিশ। অভিযানকালে ওই বাড়ি থেকে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য, পিস্তলের ম্যাগাজিন ও ৪টি চাপাতি উদ্ধার করে পুলিশ। এ সময় বাসা থেকে সাইফুল ইসলাম নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সন্দেহভাজনদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, তাদের কাছ থেকে জেএমবি ও ইসলামী ছাত্রশিবিরের বইপত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তারা জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল মঙ্গলবার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় দুর্দর্ষ ডাকাতির ঘটনায় শাখা ব্যবস্থাপকসহ প্রাণ হারান ৮ জন।

