সিলেট প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।
বুধবার গভীর রাতে উপজেলার খাঁজাঞ্চী ইউনিয়নের রাউতরগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী মনছুর আহমদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদল ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন।
খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মনছুর আহমদের স্ত্রী মমতা বেগম জানান, বুধবার রাত প্রায় আড়াইটার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল গেটের তালা ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আড়াই ভরি স্বর্ণালংকার, ২ ভরি রূপা, ২ টি মোবাইল সেট, নগদ প্রায় ৪০ হাজার টাকা, ইলেকট্রনিক্স মালামাল লুট করে নিয়ে যায়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

