নিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখে টিএসসির রাজু ভাস্কর্যের পাশে যৌন সন্ত্রাসের ঘটনা তদন্তে গঠিত কমিটির কাছে গতকাল মঙ্গলবার পর্যন্ত দুই শতাধিক নারী-পুরুষ ফোন করেছেন। তবে ঘটনার দিন যৌন নির্যাতনের শিকার কোনো নারী থানায় ফোন করেনি বলে দাবি করেছেন তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা।
এদিকে গত সাত দিনেও মেলেনি বখাটেদের পরিচয়। অভিযোগকারী কারো সাক্ষাতও পাওয়া যায়নি। মঙ্গলবার এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলাটির তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইব্রাহিম ফাতেমী বলেন, ‘সেদিন যেসব নারী বর্ষবরণ অনুষ্ঠানে গিয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন তাদেরকে নাম পরিচয় গোপন রেখে মোবাইল ও ইমেইলে অভিযোগ পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে পুলিশের কাছে বহু সংখ্যক নারী ও অভিভাবকদের অভিযোগ এসেছে। কিন্তু ভুক্তভোগীদের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। তাদের নিজ মুখের অভিযোগ পাওয়া গেলে বখাটেদের দ্রুত গ্রেপ্তার করা যাবে। কারণ এখনো পর্যন্ত বখাটেদের চেহারার কোন বর্ণনা পাওয়া যায়নি।’
সংশ্লিষ্ট পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘পহেলা বৈশাখে টিএসসিতে নারী লাঞ্ছনা ঘটনায় জড়িতদের এখনো সন্ধান মেলেনি। মঙ্গলবার পর্যন্ত পুলিশের ডাকে টিএসসিতে লাঞ্ছিত হওয়া একজন ভুক্তভোগীও সাড়া দেয়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে কেউই এখন পর্যন্ত কোন তথ্য জানাতে পারেননি।’
পুলিশ কর্মকর্তারা বলছেন, ঘটনায় জড়িত বখাটেদের মধ্যে নূন্যতম ১২ জনকে চিহ্নিত করা গেলেও গত সাত দিনেও তাদের নাম-পরিচয় জানা যায়নি। ভুক্তভোগী নারীরাও পুলিশের কাছে লিখিত, মৌখিক এমনকি টেলিফোনেও কোনো তথ্য দেয়নি। তবে কেন তারা পুলিশকে এ বিষয়ে সহযোগিতা করছে না সেটা ভাবনার বিষয়।
তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘অনেক ধরনের অভিযোগ পাওয়া গেলেও কেউ বখাটের নাম পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারছেন না। ঘটনাস্থলের আশপাশে অর্ধশতাধিক সিসি ক্যামেরা ছিল। সেসব ক্যামেরার ফুটেজ গত ৭ দিন ধরে যাচাই বাছাই চলছে। কিন্ত বখাটেদের চেহারা ক্যামেরায় ঠিকমত ধারণ হয়নি।’
বর্ষবরণ অনুষ্ঠানে নারী নিগ্রহের ঘটনার ছায়া তদন্ত করছে র্যাব। র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘বর্ষবরণ অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে র্যাবের গোয়েন্দা টিম কাজ করছে। তবে এখনো পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি। তবে বেশ কিছু বখাটের তথ্য যাচাই বাছাই চলছে। তাদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে।’

