কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর ইনস্টিটিউটের শিক্ষক শহীদুল ইসলাম (৩৫) আত্মাহত্যা করেছেন।
দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার গভীররাতে তারাবনিয়ারছড়াস্থ নিজ বাসাতেই ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত শহীদুল ইসলাম কক্সবাজার কলেজের লাইব্রেরিয়ান হিসেবেও কর্মরত ছিলেন। তিনি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা চরারকুল এলাকার মকবুল আহামদের ছেলে।
পারিবারিক সূত্রে জানায়, দু’বছর আগে শহীদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যান। ওই ঘরে তার একটা ছেলে রয়েছে। এরপর তাসমিনা সুলতানা আসমা নামে নোয়াখালীর এক মেয়েকে বিয়ে করেন শিক্ষক শহীদ। কিন্তু প্রথম পক্ষের ছেলেকে কিছুতেই মেনে নিতে পারেননি দ্বিতীয় স্ত্রী। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
এর জের ধরে তার বিরুদ্ধে মামলা করেন দ্বিতীয় স্ত্রী। এই মামলায় বেশ কিছুদিন জেল কেটে সম্প্রতি বের হয়েছেন শহীদুল ইসলাম।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

