সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেকোনো মূল্যে সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে প্রস্তুত রয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারে নেমে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করছেন। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।’
মঙ্গলবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কাজীপুরের আলমপুর চৌরাস্তা থেকে সোনামুখী পর্যন্ত চার কিলোমিটার পাকা সড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বেগম জিয়া দীর্ঘ ৯২ দিন হরতাল অবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে অনেক মানুষের রক্ত ঝরিয়েছেন। ঘরে ফিরেছেন শূন্য হাতে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া খালি হাতে ঘরে ফিরে আবারও সিটি নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের জন্য মাঠে নেমেছেন। ষড়যন্ত্র করছেন। কিন্তু বাংলার জনগণ তার এ ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। নির্বাচনে দাঁতভাঙা জবাব দেবে। এ নির্বাচনে নগরবাসী বোমাবাজ, মানুষ হত্যাকারীদের অবশ্যই প্রত্যাখ্যান করে সরকারের সাফল্য, শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট দেবে।’
এর আগে, বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং দিকনির্দেশনা দেন মন্ত্রী। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তন্ময় দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার গান্ধাইল ছোনগাছাসহ ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
মাথাইলচাপরের জনসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এ এম মাহফুজুল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

